বন্যার পর তোমার এলাকার গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করুন

বন্যার পর তোমার এলাকার গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করুন ৷

প্রতিবেদনের প্রকৃতি : সংবাদ প্রতিবেদন
প্রতিবেদনের শিরোনাম : বন্যার পর তোমার এলাকার গৃহীত পুনর্বাসন কাজ
প্রতিবেদন তৈরির সময় : দুপুর ১২.০০ টা
তারিখ সংযুক্তি : ২০-৮-২০২৬

বন্যা কবলিত চিলমারী উপজেলার পুনর্বাসন

উত্তরের জেলা কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকা চিলমারি। মঙ্গা আর দারিদ্র্যের ছবি এখানকার নিষ্ঠুর বাস্তবতা। কৃষিনির্ভর এই অঞ্চলটি মাত্র গত মাসেই ভয়াবহ বন্যার কবলে ছিন্নভিন্ন হয়ে গেছে। অবিরল বৃষ্টি আর পাহাড়ি ঢলে চিলমারি উপজেলাটি স্মরণকালের প্রচণ্ড বন্যায় তছনছ হয়ে যায়। একই সময়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলাও বন্যার কবলে পড়ে। হঠাৎ এই বন্যায় চিলমারি উপজেলাটি যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা অবর্ণনীয়। বন্যায় কেবল মানুষই মারা যায়নি বা ঘরবাড়ি বিধ্বস্ত হয়নি, কৃষি ফসল এবং গবাদি পশুরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রায় মাসব্যাপী এই বন্যায় সমগ্র চিলমারি উপজেলা বিপর্যস্ত হয়ে পড়ে। টানা বর্ষণ এবং সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে একদিনেই পাল্টে যায় এলাকার চিরচেনা চিত্র। নিচু এলাকার ঘরবাড়ি তলিয়ে যায় পানিতে, জমির ফসল ভেসে যায়, গবাদি পশুর জীবন বিপন্ন হয়ে ওঠে খাদ্য ও আশ্রয়ের অভাবে। উপজেলার যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। মানুষ ঘরবাড়ি ছেড়ে বাঁধে-স্কুল-কলেজে এবং শহরের পরিত্যক্ত ভবনে মাথা গোঁজার ঠাঁই নেয়। গবাদি পশু, হাঁস- মুরগি নিয়ে বিপাকে পড়ে মানুষজন। খাবারের অভাবে অনেক পশু দুর্বল হয়ে পড়ে, পানিতে ভেসে যায় কোন কোনটি। স্কুল-কলেজ-মাদ্রাসা-সরকারি প্রতিষ্ঠান-বাজার-দোকানপাট এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনেও পানি ওঠে। স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়। সরকারি সাহায্য না পাওয়া পর্যন্ত মানুষ অর্ধাহার-অনাহারে দিন কাটায় ।

বন্যার পানি প্রায় দুই সপ্তাহ পরে নেমে যেতে শুরু করে। বর্তমানে এখানে পুনর্বাসন কাজ শুরু হয়েছে এবং সরকারি নানা কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। ভেঙে যাওয়া রাস্তা, ব্রিজ, কালভার্ট কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় সংস্কার করা হচ্ছে। এতে করে বেকার লোকেরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। গরিব-অসহায় মানুষদের মধ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য বিতরণ করা হচ্ছে। কৃষিজমির ফসল পানিতে ভেসে যাওয়ায় তারা পথে বসতে বসেছে। তাই সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক প্রদান করা হচ্ছে। সুদমুক্ত ঋণের ব্যবস্থা করবেন বলে সরকার ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন এবং অগ্রাধিকারভিত্তিতে তা বাস্তবায়নের নির্দেশও দেয়া হয়েছে। গৃহহীনদের জন্য গৃহ নির্মাণেও অর্থ বণ্টন করা হয়েছে। সরকারের এই দ্রুত ব্যবস্থা গ্রহণ সকলের প্রশংসা অর্জন করেছে। কিন্তু মহৎ এই উদ্যোগ সত্ত্বেও অনেক মানুষই বঞ্চিত হয়েছে প্রয়োজনীয় সাহায্য পেতে। অসাধু দুর্নীতিবাজ স্থানীয় কিছু মানুষের জন্য সত্যিকারের অনেক গরিব লোক এবং বানভাসি মানুষ সাহায্য পায়নি। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ব্রিজ, রাস্তাঘাট ইত্যাদি মেরামতের জন্য সরকারি অনুমোদন দেয়া হয় এই উপজেলার জন্য।

বন্যার পর তোমার এলাকার গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করুন

বন্যা পরবর্তী সময়ে এলাকায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যায়। চিলমারিতে সে ধরনের কিছু রোগবালাই দেখা গেলেও তা যাতে মহামারির আকারে ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতালে ওষুধপত্র প্রস্তুত রাখা, ডাক্তারদের ছুটি বাতিল করাসহ এনজিও প্রশিকা, ব্র্যাক ও অন্যান্য স্থানীয় সংস্থাগুলো সার্বক্ষণিকভাবে স্বাস্থ্য সহায়তা প্রদান করায় প্রাণহানির কোন ঘটনা এখানে ঘটেনি। বিভিন্ন প্রকারের ওষুধ সরবরাহ করা এবং আক্রান্ত রোগীদের ব্যবস্থাপত্র দেয়ার ব্যাপারে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বন্যা-পরবর্তী কৃষি কার্যক্রম যাতে চালিয়ে নেয়া যায় এবং ক্ষতি হয়ে যাওয়া ফসলের কারণে যাতে খাদ্যাভাব দেখা না দেয় সেজন্য আগাম প্রস্তুত থাকতে কৃষিদপ্তরকে ইতোমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে। বীজতলা তৈরি করে কৃষকদের মধ্যে বীজ সরবরাহ নিশ্চিত করার পদক্ষেপ নেয়া হয়েছে। একইসঙ্গে দেশের ব্যাপক অঞ্চল বন্যায় প্লাবিত হবার কারণে সরকারের পক্ষে পরিস্থিতি মোকাবেলা করা বেশ কঠিন। বন্যায় মানুষের যে ক্ষতি হয় তা পূরণ করা খুব কঠিন। তারপরও এসব সামান্য সাহায্য- সহযোগিতা বেঁচে থাকার ক্ষেত্রে মানুষকে সাহস জোগায়, তাদের টিকে থাকার লড়াইয়ে সাহায্য করে। প্রাকৃতিক দুর্যোগ হলে সব এলাকার প্রতিই সরকারকে নজর দিতে হয়। তারপরেও চিলমারি এলাকার পুনর্বাসন কাজে সরকারের সহযোগিতা ও তৎপরতা প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। যেকোনো প্রাকৃতিক সংকটে সরকারের পাশাপাশি দেশের জনসাধারণকেও পাশে এসে দাঁড়ানো উচিত ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url