নবীন বরণ অনুষ্ঠানে নবাগতদেরকে স্বাগত জানিয়ে একজন ছাত্রের ভাষণ তৈরি করুন
নবীন বরণ অনুষ্ঠানে নবাগতদেরকে স্বাগত জানিয়ে একজন ছাত্রের ভাষণ তৈরি করুন ।
আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং যাদের জন্য এই আয়োজন সেই নবাগত শিক্ষার্থী ভাইবোনেরা— প্রথমেই সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও অভিনন্দন ।
স্কুল জীবনের গণ্ডি পেরিয়ে তোমরা আজ কলেজ জীবনে প্রবেশ করতে যাচ্ছ। তোমাদের চোখেমুখে উচ্ছ্বাস আর আনন্দ । নতুন জীবনের স্বপ্ন তোমাদের চোখে। নিয়ম আর ঐতিহ্য মেনে আমরা একাদশ শ্রেণির নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নিই প্রতিবছর। এবছরও তার ব্যতিক্রম নয়। এই কলেজের সুন্দর পরিবেশে তোমাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ ।
নবীন শুভার্থী ভাইবোনেরা,
সময়ের টানে কারো শুরু হয়, কারো বা হয় শেষ। এ অঞ্চলের স্বনামধন্য এই কলেজে পুরোনোদের বিদায় আর নতুনদের আগমন চিরাচরিত একটি প্রথা। সেই প্রথা মেনেই আজ তোমরা একাদশ শ্রেণির শিক্ষার্থীরা পদার্পণ করলে পবিত্র কলেজ প্রাঙ্গণে। এই যাওয়া আসার মধ্য দিয়েই জীবন বয়ে চলে। ফুলেল শুভেচ্ছায় তোমাদের অভিনন্দন। অল্প কিছুদিন পরেই হয়তো তোমরা আমাদের বিদায় জানাবে। আমাদের দ্বাদশ শ্রেণির পক্ষ থেকে তোমাদের জানাই উদাত্ত অভিনন্দন ।
প্রিয় নবীন শিক্ষার্থীরা,
প্রকৃতিতে প্রাণের স্পর্শ আজ । আকাশ জুড়ে আনন্দধ্বনি। প্রকৃতির এই আনন্দ সাড়া ফেলেছে চারদিকে। তোমরা প্রকৃতির এই মধুর হিল্লোলে ভেসে এই কলেজে পা রেখেছ। তোমাদের পদচারণায় মুখর এই কলেজ। তোমাদের জ্ঞান ও চেতনাকে জাগ্রত করবে এই প্রতিষ্ঠান। প্রকৃত শিক্ষা ছাড়া সত্যিকারের মানুষ হওয়া যায় না। শিক্ষিত মানুষ না হলে দেশ-জাতির মুক্তিও সম্ভব হবে না । আমরা প্রত্যাশা করি এই শিক্ষালয়ে তোমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে । বিনয় ও নম্রতা তোমাদের আলোকিত করে তুলক।
সোনালি সন্তানেরা,
প্রাণপ্রিয় এই কলেজে শিক্ষকেরা হলেন পিতামাতার মতো। তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের বন্ধনটিও গভীর। শুধু ক্লাশের পড়া নয়, তার বাইরেও সংস্কৃতি-খেলাধুলার এক ঐতিহ্য রয়েছে এই প্রতিষ্ঠানের। শিক্ষার্জনের পাশাপাশি সংস্কৃতিতেও তোমরা এগিয়ে যাবে প্রত্যাশা রইল আমাদের।
মুক্তির অগ্রদূতেরা,
নবীন ছাত্রছাত্রীরা,তোমরা মনে রাখবে শিক্ষা মানে আলো— শিক্ষা মানে মুক্তি। ভালোভাবে লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হতে হবে তোমাদের। কিন্তু কেবল নিজেরা ভালো থাকলেই চলবে না— দেশ-জাতির মুক্তি ও উন্নতির জন্য তোমাদের বিরাট দায়িত্ব রয়েছে। কঠোর পরিশ্রম করে তোমাদের সেই শক্তি অর্জন করতে হবে। তোমাদের চলার পথ সুন্দর হোক, আনন্দময় হোক সেই কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি ।
