দুর্নীতি উন্নয়নের বাধা শিরোনামে প্রধান অতিথির একটি ভাষণ রচনা করুন

‘দুর্নীতি : উন্নয়নের বাধা' শিরোনামে প্রধান অতিথির একটি ভাষণ রচনা করুন ৷

আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি, বিশেষ অতিখি, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলি- আপনাদের প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা ।

সুধীজন,

আজ খুব গুরুত্বপূর্ণ একটি সভায় আমরা মিলিত হয়েছি। কারণ যে বিষয়টি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন এবং আমরা কমবেশি সবাই যার শিকার সে বিষয়টি হলো দুর্নীতি। দুর্নীতি যেভাবে সমাজে ছড়িয়ে পড়েছে এবং যেভাবে মানুষকে গ্রাস করছে তা খুবই চিন্তার কারণ। পরপর কয়েকবার বাংলাদেশ বিশ্বে এক নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। এটি আমাদের জন্য খুবই লজ্জাজনক। বাংলাদেশ স্বাধীন একটি দেশ কিন্তু দুর্নীতি আমাদের সুনাম ক্ষুণ্ন করে চলেছে। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, ব্যবসাবাণিজ্য সর্বত্র দুর্নীতি মহামারির আকার ধারণ করেছে। এর ফলে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সব সম্ভাবনা।

প্রিয় সুধীবৃন্দ,

দুর্নীতি বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। অথচ প্রকৃতপক্ষে দুর্নীতিবাজের সংখ্যা কম হলেও তার ফল ভোগ করতে হয় সংখ্যাগরিষ্ঠ মানুষকে। সরকারি অফিসগুলো হচ্ছে দুর্নীতির আখড়া। ঘুষ গ্রহণ ও প্রদান, সরকারি কর্মচারিকে অপরাধে সহায়তা করা, অসৎ উদ্দেশ্যে ভুল নথিপত্র তৈরি, জালিয়াতি করে সম্পত্তি আত্মসাৎ, নথি জাল করা, হিসাব বিকৃত করা দুর্নীতির অন্তর্ভুক্ত । ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সুবিধা স্বার্থ উদ্ধার করাই হলো দুর্নীতি। নানা কারণে আমাদের সমাজে দুর্নীতি বেড়েই চলেছে। এটি একদিনে ঘটেনি। সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত রাখতে প্রতিষ্ঠানগুলোকে সৎ ও স্বচ্ছ হতে হয়। দুর্নীতি বাড়ার পেছনে একটি বড় কারণ হলো রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক স্বার্থের কারণে এবং নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য রাজনৈতিক দলগুলো দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে থাকে। তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ মহল পর্যন্ত এই অরাজকতা চলছে। ত্যাগের চেয়ে ভোগের দিকে সবার লক্ষ্য। বড়লোক হবার জন্য বিকৃত প্রতিযোগিতা, আয়ের চেয়ে ব্যয় বেশি দুর্নীতির অন্যতম কারণ। দারিদ্রের কারণেও মানুষ দুর্নীতির আশ্রয় নেয়। এদেশের মানুষ ধর্মের প্রতি আগ্রহী হলেও অনেক সময় বাধ্য হয়ে দুর্নীতি করে। অভাব-অনটন ও দারিদ্রের কারণে যেমন অনেকে দুর্নীতিগ্রস্ত হয় তেমনি লোভ ও অতিরিক্ত বড়লোক হবার আশায়ও অনেকে লাগামহীনভাবে দুর্নীতি করে থাকে ।

‘দুর্নীতি : উন্নয়নের বাধা' শিরোনামে প্রধান অতিথির একটি ভাষণ রচনা করুন
দুর্নীতি একটি রাষ্ট্রের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। বিদেশি সরকার ও সংস্থাগুলো বাংলাদেশের উন্নয়নের জন্য প্রচুর অর্থ সাহায্য দিলেও তার বেশিরভাগ টাকা লুটপাট হয়। সে কারণে বিদেশিরা সাহায্য দেয়ার ক্ষেত্রে অনেক বাদবিচার করে এবং নানারকম শর্ত আরোপ করে। শিক্ষা-চিকিৎসা-অবকাঠামো উন্নয়ন প্রভৃতি খাতে বিদেশি সাহায্য প্রচুর পরিমাণে আসে। কিন্তু তারপরও এক্ষেত্রে আশানুরূপ উন্নয়ন নেই ।

প্রিয় শ্রোতাবৃন্দ,

দুর্নীতি হলো অক্টোপাশের মতো। এখন সময়ের দাবি এই দুর্নীতির হাত থেকে নিজে রক্ষা পাওয়া এবং অন্যকে রক্ষা করা । দুর্নীতি কমাতে না পারলে অন্য দেশগুলোও আমাদের উন্নয়নে সাহায্য করতে চাইবে না। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। কিন্তু সরকারের একার পক্ষে সম্ভব না এই দুর্নীতি দূর করা। এর জন্য দরকার আইনের শাসন এবং ব্যাপক সামাজিক উদ্যোগ। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আইনের প্রয়োগ করা যায় না। দুর্নীতি দমনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব থাকলে দুর্নীতি দূর করা যাবে না। সরকারি প্রভাব খাটালে দুর্নীতিবাজরা উৎসাহিত হবে। মানুষের জীবনমানের দিকে লক্ষ রেখে বেতন বৃদ্ধি, দ্রব্যমূলের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, জনসচেতনতা সৃষ্টি করে সামাজিকভাবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছালিয়ে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তবে সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে না । রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বাংলাদেশে বেশিরভাগ দুর্নীতি হয়ে থাকে। অতএব রাজনৈতিকভাবে দুর্নীতি মোকাবিলা করতে হবে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যদি স্পষ্টভাবে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেয়া না হয় তবে একা দুর্নীতি দমন কমিশনের পক্ষে এই ব্যাধি নির্মূল করা সম্ভব না। এক্ষেত্রে মিডিয়া বা প্রচার মাধ্যমের বিরাট ভূমিকা রয়েছে। জনসচেতনতামূলক অনুষ্ঠান, আলোচনা, কথিকা, নাটক প্রভৃতি প্রচার করে মানুষকে দুর্নীতির বিরুদ্ধে উদ্বুদ্ধ করে তুলতে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। এর পাশাপাশি পারিবারিকভাবে নৈতিক শিক্ষার উপরও জোর দো দরকার। অতিরিক্ত ভোগ-লালসা-চাহিদা থেকে বিরত থাকার জন্য নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই।

সচেতন সুধীসমাজ,

এ দেশ আমাদের সবার। কেউ খাবে কেউ খাবে না এরকমটি এদেশে আমরা হতে দিতে পারি না। আমাদের নবীন প্রজন্মকে সুখী ও নিরাপদ রাখতে আসুন আমরা সবাই দুর্নীতর বিরুদ্ধে লড়াই ঘোষণা করি। দুর্নীতি দূর হলে দেশ উন্নত শক্তিশালী হবে, মানুষের কল্যাণ হবে। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবার মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url