নারীশিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক অনুষ্ঠানে উপস্থাপনের জন্য প্রধান অতিথির একটি ভাষণ রচনা করুন

‘নারীশিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থাপনের জন্য প্রধান অতিথির একটি ভাষণ রচনা করুন। 

সম্মানিত সভাপতি, 

প্রধান অতিথি, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত সুধীমণ্ডলী— আপনাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

সুধীবৃন্দ, আমরা জানি নারী পুরুষের সম্মিলিত অবদানেই আজকের পৃথিবী এগিয়ে যাচ্ছে। নারী হিসেবে কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সৃষ্টির প্রথম থেকেই পুরুষের সাথে সাথে নারীরাও কাজে অংশগ্রহণ করেছে। মাতৃনির্ভর সমাজ ছিল একসময়। কিন্তু সুযোগসন্ধানী কিছু মানুষ আজ নানাভাবে নারীদের দাবিয়ে রাখার চেষ্টা করছে। ধর্মের দোহাই দিয়ে নারীদের ঘরের ভেতরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে। শিক্ষাদীক্ষা-জ্ঞানবিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতি-গবেষণা সবকিছু থেকে নারীদের দূরে ঠেলে দেয়ার চক্রান্ত চলছে। কিন্তু এর ফলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। মেয়েদের অংশগ্রহণ ছাড়া দেশ এগোতে পারে না। তাই নারীদের শিক্ষা অপরিহার্য ।

সম্মানিত সুধী,

সময় অনেক পাল্টে গেছে। কাউকে আর ঘরের ভেতর বন্দি করে রাখার দিন নেই। ধর্মের নামে, নৈতিকতার নামে, সমাজরক্ষার নামে নারীদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখার কোনো সুযোগ নেই। রক্ষণশীলতা একটি ব্যাধি। মানবিক সমাজ তৈরির জন্য নারীপুরুষ সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে। আমরা জানি যে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেত্রী সবাই নারী। এছাড়াও নারী বিচারপতি, নারী মন্ত্রী, নারী প্রশাসক, নারী বৈমানিক সবই আছে। কিন্তু এর অর্থ এই নয় যে, নারীদের সামগ্রিক মুক্তি ও উন্নতি সাধিত হয়েছে । গ্রামে- গঞ্জে এখনো নারীরা নানারকম শোষণ ও নিপীড়নের শিকার হচ্ছে।

প্রিয় নাগরিক সমাজ,

ঐতিহাসিকভাবেই এ অঞ্চলে সামাজিক উন্নয়ন ঘটেছে দেরিতে। বাল্যবিবাহ, যৌতুক প্রথা, তালাক ব্যবস্থা, কথায় কথায় নারীদের উপর পরিবারের অত্যাচার এখনো হরহামেশাই ঘটছে। পত্রিকার পাতা খুললেই চোখে পড়বে এরকম অসংখ্য ঘটনার কথা। এসবের প্রতিকারে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু শহরে বসে নারীদের জন্য হাহুতাশ করলেই চলবে না। তার জন্য থাকতে হবে সত্যিকারের দরদ।

নারীশিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক অনুষ্ঠানে উপস্থাপনের জন্য প্রধান অতিথির একটি ভাষণ রচনা করুন

প্রিয় শিক্ষিত সমাজ,

নারীশিক্ষার প্রসারে এবং বেশি সংখ্যায় মেয়েদের লেখাপড়ায় নিয়ে আসার জন্য নানা রকম উদ্যোগ নিয়েছে সরকার। বৃত্তি- উপবৃত্তিসহ আরও অনেক সুযোগ তৈরি করেছে সরকার নারী শিক্ষার বিস্তারে। গ্রামে-গঞ্জে-শহরে অনেক স্কুল-কলেজ গড়ে উঠলেও মেয়েরা কতটা শিক্ষিত হচ্ছে তার কোনো পরিসংখ্যান আমাদের নেই । বাস্তবক্ষেত্রে ধর্মীয় গোঁড়ামি ছাড়াও সাধারণ পরিবারে মেয়েদের শিক্ষিত করে তোলার ব্যাপারে অনেকেরই আপত্তি আছে। অনেক পিতা-মাতা মেয়েদের লেখাপড়া শেখানোকে অর্থের অপচয় বলে মনে করে। একধরনের রক্ষণশীল পুরুষ নারীদের কেবল ঘরসংসারে বন্দি রাখাকে পছন্দ করে ও তাদের ভোগের সামগ্রী বলে মনে করে। নানারকম কেতাব ঘেঁটে তারা দেখানোর চেষ্টা করে নারীশিক্ষার দরকার নেই । ইতিহাসের দিকে তাকালে দেখবে বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন, ছয় দফা এবং একাত্তরের মুক্তিযুদ্ধে নারীরা বীরত্বের ও সাহসের পরিচয় দিয়েছে। তারা মিছিল করেছে, যুদ্ধক্ষেত্রে অস্ত্র চালিয়েছে, আহত যোদ্ধাদের সেবা দিয়েছে ক্যাম্পে। নানা বাঁধার ভেতর দিয়ে আজ নারীরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে জায়গা করে নিয়েছে। এবছর এইচএসসি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের পাশের হার ও সাফল্য অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ে নারীশিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেক, কোথাও এর চেয়ে বেশি। বিশ্ববিদ্যালয়ে নারী অধ্যাপকের সংখ্যা পুরুষের প্রায় অর্ধেক |

শ্রদ্ধেয় সুধী,

বেগম রোকেয়া অনেক আগে নারীশিক্ষার জন্য যে আলো জ্বালিয়ে গেছেন এখনকার মেয়েরা সেই পথ ধরেই এগিয়ে যাচ্ছে। কেউ তাদের এই অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-প্রশাসন-এনজিও- বিমানচালনা-কোর্টকাচারি-ব্যবস্য-বাণিজ্য সর্বত্র নারীরা নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত। শুধু সরকারের উপর নির্ভর না করে বেসরকারি সাহায্য ও উদ্যোগে মেয়েদের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে হবে। তাহলে নারীশিক্ষা ও নারীমুক্তির কথাটি কেবল শ্লোগান হবে না, সত্যিকারের উন্নয়ন হবে নারীদের । নজরুল বলেছেন— ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী অর্ধেক তার নর।' সম্রাট নেপোলিয়ান বলেছিলেন “আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব।” এর থেকে বোঝা যায় নারীশিক্ষা ও নারী উন্নয়ন ছাড়া দেশ ও জাতির সার্বিক মুক্তি অর্জিত হতে পারে না। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনলেন তাদের আবারও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।

Previous Post
No Comment
Add Comment
comment url